একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, স্টাফ ও অভিভাবক-অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো হচ্ছে যে, সরকারি ছুটি অনুসারে আগামী ২৬ আগস্ট, বুধবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ।
আগামী ২৭ আগস্ট হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে মহাগ্রন্থ কুরআনুল কারীমের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা এবং নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সবক প্রদানের মধ্য দিয়ে আজ শনিবার, ১৫ আগস্ট ২০২৬, সকাল ১১টায় এসিডি মিলনায়তনে ‘হিফজ সমাপনী সংবর্ধনা ও সবক অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং নতুন শিক্ষার্থীদের সবক দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের কুরআন হিফজের প্রতি ভালোবাসা, আগ্রহ ও নিষ্ঠা বৃদ্ধি এবং কুরআন-সহিহ সুন্নাহর আলোকে আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক শাইখ প্রফেসর ড. আবদুল্লাহ ফারুক। তিনি এসিডির প্রতিষ্ঠাতা মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এসিডির হিফজ সম্পন্নকারী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাফেজ সামিউল আলম সাহিলকে পাগড়ি পরিয়ে দেন। এতে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন ও আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কুরআন শুধু মুখস্থ করার বিষয় নয়; বরং এর শিক্ষা হৃদয়ে ধারণ করে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সমাজজীবনে বাস্তবায়ন করাই একজন হাফিজে কুরআনের অন্যতম দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের কুরআনের সঙ্গে আজীবন সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
এসিডির প্রতিষ্ঠাতা তাঁর বক্তব্যে বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে জ্ঞান, নৈতিকতা ও আদর্শ চরিত্রসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই এসিডির অন্যতম প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. গিয়াস উদ্দিন খান, মো. শাখাওয়াত হোসেন, এসিডির সুপারিনটেনডেন্ট মো. তওফিকুর রহমান, হিফজ বিভাগের সমন্বয়ক হাফেজ বাহরুল ইসলাম রাজু এবং প্রতিষ্ঠানের অন্যান্য উস্তায ও উস্তাযাহবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এসিডির ভাইস প্রিন্সিপাল মুহাম্মাদ রেজাউল করিম। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দ্বিভাষিক উপস্থাপনা। পঞ্চম শ্রেণির হাফেজ শাবিব আব্দুল্লাহ আরবি এবং শাহ মুহাম্মাদ সাফওয়ান বাংলা ভাষায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
অনুষ্ঠান শেষে এসিডি, এর শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়।
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬: শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার, শুদ্ধ উচ্চারণ ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি) -এর উদ্যোগে আজ ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সকাল ৮টায় এসিডি মিলনায়তনে অনুষ্ঠিত হয় “ACD Spelling Competition-2026”
প্রতিযোগিতায় এসিডির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। নির্ধারিত ইংরেজি Vocabulary Sheet-এর ভিত্তিতে প্রতিযোগিতাটি পরিচালিত হয়। শিক্ষার্থীরা নির্দিষ্ট শব্দের বানান সঠিকভাবে বলা ও লেখার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করে।
অনুষ্ঠানে এসিডির শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, Spelling Competition শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি মনোযোগ, স্মরণশক্তি, দ্রুত চিন্তা করার ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও প্রয়োগভিত্তিক দক্ষতা অর্জনে সহায়তা করে।
এসিডি কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের ভাষা ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে কর্তৃপক্ষ তাদের শিক্ষাজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক- অভিভাবিকাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার প্রতি বছর ৫ আগষ্টকে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে সরকারী ছুটি ঘোষণা করায় আগামী ০৫ আগষ্ট, বুধবার একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে, ইনশা-আল্লাহ। আগামী ০৬ আগষ্ট বৃহস্পতিবার হতে একাডেমির নির্ধারিত রুটিন অনুসারে যথারীতি নিয়মিত ক্লাস চলবে-ইনশাআল্লাহ। মো. তওফিকুর রহমান সুপারিনটেনডেন্ট
ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার): একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে আজ সন্ধ্যা ৭:২৫টায় এসিডি মিলনায়তনে “সূরা লুকমানের আলোকে আদর্শ প্যারেন্টিং” শীর্ষক এসিডি প্যারেন্টিং কনফারেন্স–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সম্মানিত অভিভাবক, শিক্ষকমণ্ডলী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কনফারেন্সটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানটি পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ ও উৎসাহে মুখরিত ছিল।
কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি গবেষক আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইন্জিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ তানভীর পারভেজ। তিনি মহাগ্রন্থ আল-কুরআনের সূরা লুকমানে বর্ণিত শিক্ষার আলোকে সন্তান প্রতিপালনের মৌলিক নীতিমালা তুলে ধরেন। তাঁরা সন্তানদের ঈমান ও তাকওয়ার শিক্ষা, উত্তম চরিত্র, আদব-আখলাক, সালাত প্রতিষ্ঠা, পিতা-মাতার দায়িত্ব, নৈতিক মূল্যবোধ এবং বর্তমান সময়ের নানাবিধ সামাজিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, “সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে পিতা-মাতার নিকট অর্পিত এক মহামূল্যবান আমানত। একটি আদর্শ পরিবারই একজন আদর্শ সন্তানের ভিত্তি। তাই সন্তানকে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করাই যথেষ্ট নয়; বরং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে তার ঈমান, চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই প্রকৃত প্যারেন্টিংয়ের মূল লক্ষ্য হওয়া উচিত।”
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং পারিবারিক পরিবেশকে ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ করার লক্ষ্যে বাস্তবধর্মী পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সন্তানদের সুস্থ, সুশৃঙ্খল ও দ্বীনদার মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর ছাত্র/ছাত্রী ও সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ষাণ্মাসিক পরীক্ষা-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের বিশ্রাম, মানসিক প্রশান্তি এবং পরবর্তী পাঠদানের প্রস্তুতির লক্ষ্যে আগামী ২৬/০৭/২০২৬ থেকে ২৮/০৭/২০২৬ পর্যন্ত একাডেমির সকল নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।ইনশাআল্লাহ, আগামী ২৯/০৭/২০২৬ (বুধবার) থেকে নির্ধারিত ক্লাস রুটিন অনুযায়ী সকল শ্রেণির নিয়মিত পাঠদান পুনরায় শুরু হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিশ্বাস করি যে, সন্তান আল্লাহ তাআলার এক মহান আমানত। এ আমানতের যথাযথ বাস্তবায়নে সন্তানের ঈমান, চরিত্র, আদব-আখলাক ও জীবনগঠনে পরিবারের, বিশেষ করে মা-বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনের সূরা লুকমান-এ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা লুকমান (আ.)- এর মাধ্যমে সন্তানের প্রতি যে মহামূল্যবান উপদেশসমূহ বর্ণনা করেছেন, তা ইসলামি প্যারেন্টিংয়ের এক অনন্য দিকনির্দেশনা। এই মহৎ শিক্ষাকে পরিবারে বাস্তবায়নের লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে এসিডি মিলনায়তনে আগামী ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, বাদ মাগরিব (সন্ধ্যা ৭:৩০টা) কুরআনুল কারীমের সূরা লুকমানের আলোকে “প্যারেন্টিং কনফারেন্স-২০২৬” এর আয়োজন করা হয়েছে। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সৌদী আরবের ক্লাসসিম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত অধ্যাপক ড. মোহাম্মাদ তানভীর পারভেজ। উক্ত কনফারেন্সে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। মা’আসসালামাহ ।
সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ ও ৯ জুলাই, ২০২৬ ইং, ১ম-৮ম শ্রেণির সকল শিক্ষার্থীর হিফজুল কুরআন ও বিদায়াতুল আরাবিয়াহ এর ষাণ্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর দিবা শাখার ছাত্রদের অংশগ্রহণে অদ্য ১৪ জুন-রবিবার বাদ জোহর এসিডি মিলনায়তনে “কুরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে সলাতুর রাসূল (ﷺ) প্রশিক্ষণ কর্মশালা-২০২৬” অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সলাতের সঠিক পদ্ধতি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, বিভিন্ন দোয়া ও যিকির এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুসৃত সালাত আদায়ের পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন এসিডির হিফজুল কুরআন বিভাগের সমন্বয়ক হাফিজ মোঃ বাহরুল ইসলাম রাজু।
কর্মশালায় একাডেমির ইসলাম শিক্ষা, আরবি ভাষা ও হিফজুল কুরআন বিভাগের সম্মানিত উস্তাযগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত আদায়ের গুরুত্ব, সচেতনতা ও আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আল্লাহ তাআলা সকলকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করার তাওফিক দান করুন। আমীন।
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে, শিক্ষাবর্ষ-২০২৬-এর ষাণ্মাসিক পরীক্ষা আগামী ১২/০৭/২০২৬ হতে ২৫/০৭/২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে (ইনশা-আল্লাহ) এবং পরীক্ষার নির্ধারিত ফি ৫০০/- (পাঁচশত) টাকা; সম্মানিত অভিভাবকগণকে অনুরোধ করা হচ্ছে যে, ০৯/০৭/২০২৬ তারিখের মধ্যে জুলাই মাসের বেতনসহ একাডেমির যাবতীয় পাওনাদি (যদি থাকে) পরিশোধ করে অফিস থেকে শিক্ষার্থীর প্রবেশপত্র সংগ্রহ করবেন—সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।