বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে এসিডির গ্রুপ স্টাডি ট্যুর-২০২৬ অনুষ্ঠিত

ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন, পর্যবেক্ষণ, দক্ষতা বৃদ্ধি, দলগত কাজের সামর্থ্য অর্জন ও দেশপ্রেমের চেতনা বিকাশের লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজন করে ‘গ্রুপ স্টাডি ট্যুর-২০২৬’।

এ উপলক্ষে এসিডির প্রি-প্রাইমারি-১ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বালক ও বালিকা শাখার পৃথক ব্যবস্থাপনায় দলগতভাবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর পরিদর্শন করে। এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশের বিমানবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষভাবে জানার সুযোগ পায়।

সফরটিকে আরও শিক্ষণীয় ও অংশগ্রহণমূলক করে তুলতে শিক্ষার্থীদের বিভিন্ন দলে বিভক্ত করে পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, পরিবেশ সচেতনতা, দলীয় আলোচনা, প্রতিবেদন তৈরি ও উপস্থাপনার কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের অনুসন্ধিৎসা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও বিশ্লেষণী দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া প্রি-প্রাইমারি বিভাগের কোমলমতি শিক্ষার্থীরা অভিভাবক ও উস্তাযাহদের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে জাদুঘরের বিভিন্ন উপস্থাপনা পরিদর্শন করে। উন্মুক্ত পরিবেশে আনন্দময় বিচরণ ও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তাদের শেখার সুযোগ সৃষ্টি হয়। এ ক্ষেত্রে অভিভাবক ও উস্তাযাহগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এসিডি বিশ্বাস করে, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা ও অভিজ্ঞতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহান আল্লাহর অপরূপ সৃষ্টিজগতের নিদর্শন পর্যবেক্ষণ ও অনুধাবনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তাওহিদভিত্তিক চিন্তা, সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা এবং কল্যাণমুখী কমিউনিটি গঠনের চেতনা জাগ্রত হোক—মহান আল্লাহর কাছে এই প্রার্থনা।

কর্তৃপক্ষ

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)

Recommended Posts