রামপুরা, ঢাকা | ১৫ আগস্ট ২০২৬
একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে মহাগ্রন্থ কুরআনুল কারীমের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা এবং নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সবক প্রদানের মধ্য দিয়ে আজ শনিবার, ১৫ আগস্ট ২০২৬, সকাল ১১টায় এসিডি মিলনায়তনে ‘হিফজ সমাপনী সংবর্ধনা ও সবক অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং নতুন শিক্ষার্থীদের সবক দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের কুরআন হিফজের প্রতি ভালোবাসা, আগ্রহ ও নিষ্ঠা বৃদ্ধি এবং কুরআন-সহিহ সুন্নাহর আলোকে আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক শাইখ প্রফেসর ড. আবদুল্লাহ ফারুক। তিনি এসিডির প্রতিষ্ঠাতা মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এসিডির হিফজ সম্পন্নকারী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাফেজ সামিউল আলম সাহিলকে পাগড়ি পরিয়ে দেন। এতে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন ও আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কুরআন শুধু মুখস্থ করার বিষয় নয়; বরং এর শিক্ষা হৃদয়ে ধারণ করে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সমাজজীবনে বাস্তবায়ন করাই একজন হাফিজে কুরআনের অন্যতম দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের কুরআনের সঙ্গে আজীবন সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

এসিডির প্রতিষ্ঠাতা তাঁর বক্তব্যে বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে জ্ঞান, নৈতিকতা ও আদর্শ চরিত্রসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই এসিডির অন্যতম প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. গিয়াস উদ্দিন খান, মো. শাখাওয়াত হোসেন, এসিডির সুপারিনটেনডেন্ট মো. তওফিকুর রহমান, হিফজ বিভাগের সমন্বয়ক হাফেজ বাহরুল ইসলাম রাজু এবং প্রতিষ্ঠানের অন্যান্য উস্তায ও উস্তাযাহবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এসিডির ভাইস প্রিন্সিপাল মুহাম্মাদ রেজাউল করিম। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দ্বিভাষিক উপস্থাপনা। পঞ্চম শ্রেণির হাফেজ শাবিব আব্দুল্লাহ আরবি এবং শাহ মুহাম্মাদ সাফওয়ান বাংলা ভাষায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
অনুষ্ঠান শেষে এসিডি, এর শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়।





