ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬:
সন্তানদের নৈতিক, চারিত্রিক ও আদর্শিক মানোন্নয়ন এবং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে প্যারেন্টিং সেশন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি আলোচক শাইখ সাইফুদ্দিন বেলাল মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিডির সুপারিনটেনডেন্ট মুহতারাম মো. তওফিকুর রহমান। প্যারেন্টিং সেশনে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মোহাম্মাদ রেজাউল করিম প্যারেন্টিং ও কারিকুলাম বিষয়ে বিশেষ বক্তব্য প্রদান করেন। তিনি সন্তান প্রতিপালনে পিতা-মাতার দায়িত্ব, শিশুর মানসিক ও নৈতিক বিকাশ, পারিবারিক পরিবেশের প্রভাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষাক্রমে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি জ্ঞান, নৈতিকতা, আদব-আখলাক ও জীবন ঘনিষ্ঠ দক্ষতার সমন্বয় সম্পর্কে আলোচনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারকে প্রথম ও প্রধান শিক্ষালয় হিসেবে উল্লেখ করেন। তিনি সন্তানদের ঈমান-আকিদা, ইবাদত, উত্তম চরিত্র ও সুন্নাহভিত্তিক জীবনাচরণ গঠনে পিতা-মাতার সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সুপারিনটেনডেন্ট মুহতারাম মো. তওফিকুর রহমান, অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা, নিয়মিত যোগাযোগ এবং অভিন্ন শিক্ষাদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের আহ্বান জানান। এ ছাড়া পিতা-মাতাকেও আদর্শিক ঘর তৈরীর জন্য দ্বীনের যথাযথ জ্ঞান অর্জনে এসিডি কর্তৃক আয়োজিত দ্বীনি অনুষ্ঠানসমূহে নিয়মিত অংশগ্রহনের সবিশেষ অনুরোধ রাখেন।
অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন অভিভাবকদের সন্তান প্রতিপালন বিষয়ে পিতা-মাতার সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশা-আল্লাহ।





