”এসিডি প্যারেন্টিং কনফারেন্স–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত”

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার): একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে আজ সন্ধ্যা ৭:২৫টায় এসিডি মিলনায়তনে “সূরা লুকমানের আলোকে আদর্শ প্যারেন্টিং” শীর্ষক এসিডি প্যারেন্টিং কনফারেন্স–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সম্মানিত অভিভাবক, শিক্ষকমণ্ডলী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কনফারেন্সটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানটি পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ ও উৎসাহে মুখরিত ছিল।

কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি গবেষক আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইন্জিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ তানভীর পারভেজ। তিনি মহাগ্রন্থ আল-কুরআনের সূরা লুকমানে বর্ণিত শিক্ষার আলোকে সন্তান প্রতিপালনের মৌলিক নীতিমালা তুলে ধরেন। তাঁরা সন্তানদের ঈমান ও তাকওয়ার শিক্ষা, উত্তম চরিত্র, আদব-আখলাক, সালাত প্রতিষ্ঠা, পিতা-মাতার দায়িত্ব, নৈতিক মূল্যবোধ এবং বর্তমান সময়ের নানাবিধ সামাজিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, “সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে পিতা-মাতার নিকট অর্পিত এক মহামূল্যবান আমানত। একটি আদর্শ পরিবারই একজন আদর্শ সন্তানের ভিত্তি। তাই সন্তানকে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করাই যথেষ্ট নয়; বরং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে তার ঈমান, চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই প্রকৃত প্যারেন্টিংয়ের মূল লক্ষ্য হওয়া উচিত।”

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং পারিবারিক পরিবেশকে ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ করার লক্ষ্যে বাস্তবধর্মী পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সন্তানদের সুস্থ, সুশৃঙ্খল ও দ্বীনদার মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সূরা লুকমানের আলোকে আদর্শ প্যারেন্টিং সেশন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিশ্বাস করি যে, সন্তান আল্লাহ তাআলার এক মহান আমানত। এ আমানতের যথাযথ বাস্তবায়নে সন্তানের ঈমান, চরিত্র, আদব-আখলাক ও জীবনগঠনে পরিবারের, বিশেষ করে মা-বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনের সূরা লুকমান-এ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা লুকমান (আ.)- এর মাধ্যমে সন্তানের প্রতি যে মহামূল্যবান উপদেশসমূহ বর্ণনা করেছেন, তা ইসলামি প্যারেন্টিংয়ের এক অনন্য দিকনির্দেশনা।
এই মহৎ শিক্ষাকে পরিবারে বাস্তবায়নের লক্ষ্যে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে এসিডি মিলনায়তনে আগামী ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, বাদ মাগরিব (সন্ধ্যা ৭:৩০টা) কুরআনুল কারীমের সূরা লুকমানের আলোকে “প্যারেন্টিং কনফারেন্স-২০২৬” এর আয়োজন করা হয়েছে।
উক্ত কনফারেন্সে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সৌদী আরবের ক্লাসসিম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত অধ্যাপক ড. মোহাম্মাদ তানভীর পারভেজ।
উক্ত কনফারেন্সে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। মা’আসসালামাহ ।

মো: তওফিকুর রহমান

সুপারিনটেনডেন্ট, এসিডি

এসিডি মিলনায়তনে “সলাতুর রাসূল (ﷺ) প্রশিক্ষণ কর্মশালা-২০২৬” অনুষ্ঠিত

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর দিবা শাখার ছাত্রদের অংশগ্রহণে অদ্য ১৪ জুন-রবিবার বাদ জোহর এসিডি মিলনায়তনে “কুরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে সলাতুর রাসূল (ﷺ) প্রশিক্ষণ কর্মশালা-২০২৬” অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সলাতের সঠিক পদ্ধতি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, বিভিন্ন দোয়া ও যিকির এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুসৃত সালাত আদায়ের পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন এসিডির হিফজুল কুরআন বিভাগের সমন্বয়ক হাফিজ মোঃ বাহরুল ইসলাম রাজু।

কর্মশালায় একাডেমির ইসলাম শিক্ষা, আরবি ভাষা ও হিফজুল কুরআন বিভাগের সম্মানিত উস্তাযগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত আদায়ের গুরুত্ব, সচেতনতা ও আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আল্লাহ তাআলা সকলকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করার তাওফিক দান করুন। আমীন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ সফলভাবে সম্পন্ন

এসিডি শিক্ষা সফর ২০২৬

তারিখ: ২৫ এপ্রিল ২০২৬
আল-হামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার অশেষ রহমতে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রতিষ্ঠানের বার্ষিক সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে প্রতিটি ইভেন্টে অংশগ্রহণ করে এবং তাদের প্রতিভার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত উস্তায/উস্তাযাহবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। তাঁদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিযোগিতাটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে উৎসাহ প্রদান করা হয়।
একাডেমি কর্তৃপক্ষ এ সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।
পরিশেষে, মহান আল্লাহর নিকট দোয়া করা হয় যেন তিনি আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং শিক্ষার্থীদের সুস্থ, সবল ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।

হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬

হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬

পবিত্র কুরআনের খিদমত ও শিক্ষার্থীদের হিফজ চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এসিডি’র উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে ৪ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি ও বিভাগে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং নির্ধারিত অংশ থেকে তিলাওয়াত ও হিফজ পরীক্ষায় অংশ নেয়। সম্মানিত হুজুর ও অভিজ্ঞ বিচারকমণ্ডলী সঠিক তাজবীদ, সাবলীলতা, মুখস্থের নির্ভুলতা ও উপস্থাপনার ভিত্তিতে মূল্যায়ন করেন।

আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে কুরআনের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করবে এবং তাদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আল্লাহ তা‘আলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং কুরআনের আলোয় আলোকিত জীবন দান করুন। আমিন।

কালারিং ও বইপাঠ প্রতিযোগিতা–২০২৬

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) বিশ্বাস করে যে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার পরিচয় এবং আরকানুল ঈমান সম্পর্কে প্রাথমিক ও সুস্পষ্ট ধারণা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যকে সামনে রেখে প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের Co-curricular Activity–এর আওতায় আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সকাল ৯:০০টায় এসিডি মিলনায়তনে “কালারিং ও বইপাঠ প্রতিযোগিতা–২০২৬” অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আল্লাহর পরিচয়, ইসলামের মৌলিক শিক্ষা এবং ঈমানের ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও পাঠাভ্যাস বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে।

প্রতিযোগিতায় নির্ধারিত বিষয়ভিত্তিক বইপাঠ উপস্থাপন ও ইসলামিক ভাবধারায় চিত্রাঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, অনুধাবন ও সৃজনশীলতা মূল্যায়ন করা হবে।

আমরা প্রত্যাশা করি, এ ধরনের উদ্যোগ শিশুদের নৈতিক, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনের সঠিক জ্ঞান ও আমলে সমৃদ্ধ করুন। আমিন।

বই বিতরণ উৎসব

বই বিতরণ উৎসব

সম্মানিত অভিভাবক
আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ।
আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসিডি) এর প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ আগামী ১ জানুয়ারি-২০২৬, বৃহস্পতিবার, সকাল ১০টায় এসিডি মিলনায়তনে অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ। শুধুমাত্র ০১/০১/২০২৬ পর্যন্ত নতুন ও পুরাতন ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের মাঝে সরকারি বই বিনামূল্যে বিতরণ করা হবে। উল্লেখ্য যে, সরকারি বই প্রাপ্তির জন্য একাডেমির এডমিন অফিসে ‘ভর্তি মানিরিসিট’ প্রদর্শনপূর্বক বই সংগ্রহ করতে হবে। ভিপি, এসিডি।

ফ্রি মেডিক্যাল চেকআপ

আলহামদুলিল্লাহ। গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে এসিডি (ACD)–এর উদ্যোগে বাৎসরিক ফ্রি মেডিক্যাল চেকআপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে সম্মানিত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান অপু এসিডির শিক্ষার্থীদের মেডিক্যাল চেকআপ পরিচালনা করেন।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার পাশাপাশি প্রাথমিক মানসিক স্বাস্থ্য মূল্যায়নও করা হয়। এসিডি বরাবরের মতোই শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্যসচেতন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে এসিডির ধারাবাহিক ও দায়িত্বশীল কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে এই বাৎসরিক ফ্রি মেডিক্যাল চেকআপ আয়োজনটি সম্পন্ন হয়েছে।

শিক্ষা সফর ২০২৫

একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) কুরআন ও সহিহ সুন্নাহর জ্ঞানচর্চার মাধ্যমে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় আল্লাহর প্রিয় বান্দা গড়ে তোলার পাশাপাশি একবিংশ শতাব্দীর তথ্য, জ্ঞান ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে এক ভিন্নধর্মী পথচলা শুরু করেছে—আলহামদুলিল্লাহ। এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সহপাঠ্যক্রমের আওতায় ব্যবহারিক জ্ঞানবৃদ্ধির অংশ হিসেবে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ছাত্র–ছাত্রীদের নিয়ে আজ ২০ নভেম্বর-২০২৫, বৃহস্পতিবার, সকাল ১০টায় বাংলাদেশ সামরিক জাদুঘর ও নভোথিয়েটারে তথ্য ও প্রযুক্তি বিষয়ক “Group Study Tour–2025” অনুষ্ঠিত হয়।
এসিডির সম্মানিত শিক্ষকবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার সাথে গ্রুপভিত্তিক পরিচয় করিয়ে দেন। আজকের কর্মসূচির মাধ্যমে আমাদের ছাত্র–ছাত্রীরা উস্তায/উস্তাযাহদের সুনিবিড় তত্ত্বাবধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় উপস্থাপিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুসলিম বীর যোদ্ধাদের অনন্য বীরগাথা প্রত্যক্ষ করে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছে।

SCIENCE EXHIBITION 2025

Science Exhibition 2025

গতকাল ১৫ নভেম্বর-২০২৫ তারিখে উস্তাদ/উস্তাযাহ আর ছাত্র/ছাত্রীদের প্রবল আগ্রহ আর প্রচেষ্টার ফসল হিসাবে এসিডি-র আংঙিনায় প্রথম বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হলো,
আলহামদুলিল্লাহ। সকাল ৯ টায় এ চমৎকার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে ভাইস চেয়ারম্যান, সুপারিনটেনডেন্ট বক্তব্য প্রদান করেন এবং প্রদর্শনীগুলো পরিদর্শন করেন। এ সময় আগ্রহী অভিভাবকগণও উপস্থিত থেকে এ প্রদর্শনীর প্রশংসা করেন। ভিসি সাহেব তাঁর বক্তব্য আয়োজিত এ প্রদর্শনীতে যে সকল কনটেন্ট উপস্থাপিত হয়েছে, সেসব নির্বাচনের এবং আকর্ষনীয়ভাবে উপস্থাপনের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ এ প্রদর্শনীর মূল উপজীব্য ছিল শিশুদের মুসলিম বিজ্ঞানীদের এবং তাদের জীবনী ও তাঁদের আকর্ষনীয় কাজের সাথে পরিচয় করিয়ে দেয়া। বর্তমান বছরগুলোতে সেক্যুলারদের প্রণীত শিক্ষা ব্যবস্থার কারণে মুসলিম শিশুরা আমাদের ঐতিহ্যবাহী ও জগতজোড়া খ্যতিমান বিজ্ঞানীদের কথা বেমালুম ভুলে গেছে। এ সকল বিজ্ঞানীদের মধ্য থেকে
শিশুরা মোট দুই পর্বে মোট ১১টি আবিষ্কারকে উপস্থাপন করেন। তন্মধ্যে নববী চিকিৎসা পদ্ধতির উপস্থাপন ছিল অন্যতম। কিভাবে এ সকল পন্ডিতগণ দ্বীন অনুসরণের পাশাপাশি পৃথিবীবাসীর জন্য এমন বড় বড় আবিষ্কার উপহার দিয়েছেন, সেটিও শিশুদের মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য এ প্রদর্শনীর মাধ্যমে অর্জিত হয়েছে। এ ধরণের শিশুতোষ ও গঠনমূলক কার্যক্রম আগামীতে আরো আয়োজনের মাধ্যমে আমাদের শিশুদের দ্বীনের অতীত ইতিহাস সম্পর্কে আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মন মননেও আবিষ্কারের নেশাকে জাগ্রত করবে এ আশাবাদ ব্যক্ত করে সুপারিনটেনডেন্ট সবাইকে ধন্যবাদ
জানিয়ে এবং হালকা আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।