এসিডিতে ফ্রি ডেন্টাল ক্যাম্প

ফ্রী ডেন্টাল ক্যাম্প

এসিডির সদস্যদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প–২০২৬ অনুষ্ঠিত

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬:

শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং দাঁত ও মুখের প্রাত্যহিক সঠিক যত্ন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এম.এস. ডেন্টাল কেয়ারের ও এসিডি-এর যৌথ উদ্যোগে এসিডি অডিটোরিয়ামে দিনভর ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন এসিডির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মুহতারাম মিজানুর রহমান সিদ্দিকী। তিনি শিক্ষার্থীদের বিনামূল্যে দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করানো এবং বিশেষজ্ঞ ডেন্টিস্টদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপারিনটেনডেন্ট মুহতারাম মো. তওফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন এসিডির ভাইস প্রিন্সিপাল মুহতারাম মোহাম্মাদ রেজাউল করিম। এ সময় এসিডির কো-অর্ডিনেটর, উস্তায/উস্তাযাহ, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে অভিজ্ঞ ডেন্টিস্টগণ শিক্ষার্থী, অভিভাবক, স্টাফদের দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং দাঁতের বিবিধ সমস্যা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি নিয়মিত দাঁত পরিষ্কার রাখা, সঠিক নিয়মে ব্রাশ করা, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং নিয়মিত ডেন্টাল চেকআপের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ছোটবেলা থেকেই স্বাস্থ্যসচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসিডি কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানের পাশাপাশি তাদের শারীরিক, মানসিক, নৈতিক ও চারিত্রিক বিকাশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।